বাসস
  ১৬ মে ২০২৬, ১২:৩০

মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

কোলাজ : বাসস

ঢাকা, ১৬ মে, ২০২৬ (বাসস): দেশের ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেডেরিজ এন্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শনিবার) এ সংক্রান্ত এক বিশেষ বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ঔষধ শিল্প এবং ব্যবসায়িক মহলে অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে।

গতকাল (শুক্রবার) রাত ২টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মিজানুর রহমানের জন্ম ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মিজানুর রহমান ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব ছাড়া তিনি জেলা বিএনপির আহ্বায়কও ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে দলীয় মনোনয়ন পান মিজানুর রহমান সিনহা। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম আজাদকে সেখানে মনোনয়ন দেওয়া হয়।