বাসস
  ১৬ মে ২০২৬, ১০:৫৬

অসচ্ছল বিচারপ্রার্থীদের পক্ষে প্রায় ৩৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় জেলা লিগ্যাল এইডের

ঢাকা, ১৬ মে, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ৬৪টি জেলা অফিসের মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ৩৪৭ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৪৮৮ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে দেওয়া আইনি সহায়তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা চালু করা হয়। পরে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এ সেবা সম্প্রসারণ করা হয়।

এতে আরও বলা হয়, প্রি ও পোস্ট-কেইসে অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে মোট ৩৫৪ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৪০৪ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আদায় হয়েছে ৩৪৭ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৪৮৮ টাকা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আদায় হয়েছে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ের মধ্যে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সরকারি খরচায় আইনি সহায়তা পেয়েছেন ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জন উপকারভোগী।

বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) থেকে এ সেবা দেওয়া হচ্ছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা প্রদান করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে।