বাসস
  ১৫ মে ২০২৬, ০১:০১

নোবিপ্রবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

অধ্যাপক ড. গোলাম রব্বানী। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইএসডব্লিউআর) অধ্যাপক ড. গোলাম রব্বানী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম রব্বানীকে এই নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছর। তবে বয়স অনুযায়ী অবসর গ্রহণের সময় পূর্ণ হলে এর আগেই তার নিয়োগের মেয়াদ শেষ হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।