বাসস
  ১৪ মে ২০২৬, ২২:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে আজ এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে উপাচার্য দেওয়া হয়েছে।

উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছর। তবে বয়স অনুযায়ী অবসর গ্রহণের সময় পূর্ণ হলে এর আগেই তার নিয়োগের মেয়াদ শেষ হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।