বাসস
  ১৪ মে ২০২৬, ২০:১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপচার্য নিয়োগ

অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। ছবি : সংগৃহীত

বরিশাল, ১৪ মে, ২০২, (বাসস) : পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপচার্য নিযুক্ত করেছে শিক্ষামন্ত্রণালয়।
 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

তবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমকে কোথায় নিযুক্ত করা হয়েছে সেই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে। উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন।

তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ্য করা হয়েছে প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, পদোন্নতি এবং শিক্ষক সংকট দূর করাসহ বিভিন্ন দাবিতে গত ২১ এপ্রিল থেকে আন্দোলন করে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক। সর্বশেষ গত ১১ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন তারা।