শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : সাধারণ মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি না করার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
তিনি বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করা হবে। গৃহায়ন কর্তৃপক্ষের যেকোনো ভালো উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম।
পূর্তমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, অতিরিক্ত অর্থলোভ সমাজে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে ক্ষয় করছে। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে হলে আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং সততার চর্চা অপরিহার্য।
মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন পূরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। একজন মানুষ সারাজীবনের সঞ্চয় ব্যয় করে একটি ফ্ল্যাট বা প্লট ক্রয় করেন। তাই মালিকানা হস্তান্তরসহ পরবর্তী সেবাসমূহ সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য আলমগীর হুছাইন, এস এম সোহরাব হোসেন, প্রকৌশলী এ কে এম শাহজালাল মজুমদার ও মো. আব্দুল গোফফারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।
মতবিনিময় সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ তাদের কার্যক্রমের বিষয়ে আলোচনা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।