বাসস
  ১৪ মে ২০২৬, ১৮:১৩

তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি : ডিএসসিসি

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম।

আজ সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, তেমনি আজও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম রাজপথে নেমেছেন।

একজন মুক্তিযোদ্ধা ও ডিএসসিসি প্রশাসক হিসেবে তিনি বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে দেশের দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও নগর গঠনে তাদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, ‘ঢাকা আমাদের প্রাণের শহর। এই শহরকে সবার কাছে গ্রহণযোগ্য ও বাসযোগ্য করতে হলে আগে নিজেদের বদলাতে হবে। আমরা বদলালে ঢাকাও বদলাবে। আমরা চাই না বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় ঢাকা থাকুক; আমরা চাই পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ শহরের তালিকায় ঢাকা এক নম্বরে থাকুক।’

পরিচ্ছন্নতা অভিযানটি নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।