বাসস
  ১৩ মে ২০২৬, ২১:২৯

উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

বুধবার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’ প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : বাসস

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের মানোন্নয়ন করতে হবে।

আজ বুধবার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-তে ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’- এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে আইইউটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু দেশে নয়, সারা বিশ্বেই সাফল্যের দৃষ্টান্ত রাখছেন। ভবিষ্যতে তাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আরও সাফল্য দেখাতে হবে।

এ সময় তিনি আইইউটি ক্যাম্পাসে সৌরশক্তি ভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. হিসেইন আরাবি নূর বক্তব্য রাখেন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং আইইউটির রেজিস্ট্রার ড. মুবেসা উমর শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ব্যক্তিগত ও দলগত ১১ টি ক্যাটাগরিতে মোট ১২৩ জন শিক্ষক-শিক্ষার্থী এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। শিক্ষামন্ত্রী  অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সনদ তুলে দেন।