শিরোনাম

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস): সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। এদেরকে বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, কোন প্রতিবন্ধী যেন নিজেকে একা মনে না করে, কারণ সরকার সব সময় তাদের পাশে আছে।
আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বেেলন।
সমাজ কল্যাণমন্ত্রী বলেন, প্রতিবন্ধী সন্তানকে যোগ্য হিসাবে গড়ে তুলতে একটি পরিবারে বাবা মাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। এটা সেই বাবা মায়ের জন্য যতটা পরিশ্রমের তার চেয়ে বড় হলো সন্তানকে সুস্থ করার চ্যালেঞ্জ। তাদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সরকার সচেষ্ট।
তিনি বলেন, প্রতিবন্ধীদের সংখ্যা যাই হোক না কেন তাদের সকলের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে সরকার প্রতিবন্ধীদের কল্যাণে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনের পূর্বে জনগণের কাছে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। এর মধ্যে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে।
তিনি বলেন, প্রতিবন্ধীদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করার হয়েছে। এর একদিনের মধ্যেই কমিটির সভা আজ অনুষ্ঠিত হলো। এতেই বলা যায় যে প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের উন্নয়নে কতটা আন্তরিক।
তিনি বলেন, প্রতিবন্ধীতা জয় করে অনেকেই আমাদের দেশের জন্য সুনাম ও গৌরব বয়ে এনেছেন। তাদেরকে আমরা এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাতে চাই।
মন্ত্রী বলেন, কেউ হয়তো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আছে। কেউ হয়তো দৃষ্টি প্রতিবন্ধী আছে। কেউ হয়তো শারীরিক প্রতিবন্ধী আছে। কেউ বাক প্রতিবন্ধী আছে। কিন্তু তার হয়তো অন্য আরো অনেক দিক আছে ভাল এবং প্রশংসা করার মত। আমরা তার সেই ভাল দিকটাকেই সামনে নিয়ে আসবো।
সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।