বাসস
  ১৩ মে ২০২৬, ১৯:৩৩

প্রাণিসম্পদ খাত সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন : প্রতিমন্ত্রী টুকু

বুধবার বার্ক মিলনায়তনে এলএসটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষাবিষয়ক ভ্যালিডেশন কর্মশালায় বক্তব্য দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : বাসস

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সরকারি এবং বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। 

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতের গুরুত্ব অপরিসীম।

আজ বুধবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে আয়োজিত ‘লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন (এলএসটি) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণীদের যথাযথ পরিচর্যা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সময়ের দাবি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার এই খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কার্যকর উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে। তিনি আরও উল্লেখ করেন, সঠিক ব্যবস্থাপনার জন্য আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র, উন্নত ক্লিনিক ব্যবস্থা এবং পর্যাপ্ত দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। এ খাতের আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে তিনি দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে বিশ্বমানের করে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছেন। সম্মিলিত প্রচেষ্টায় এই খাত দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, প্রাণিসম্পদ খাতকে কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে রপ্তানিমুখী খাতে রূপান্তর করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলএসটি প্রকল্পের টিম লিডার ড. মো: মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ড. রেজাউল হক খান। 

অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।