শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের আবেদন আগামীকাল ১৩ মে থেকে শুরু হচ্ছে। অনলাইনে এ কার্যক্রম চলবে ২ জুন পর্যন্ত। ফলাফল পুনঃমূল্যায়ন ফি প্রতিপত্র ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পে স্লিপ সংগ্রহ ও জমা দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ ও পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন- আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস, মাস্টারকার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেওয়া হলে এবং পরবর্তীতে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই।