বাসস
  ১১ মে ২০২৬, ১৯:৫৯
আপডেট : ১১ মে ২০২৬, ২০:০৯

নজরুল জয়ন্তী উদযাপনে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কার্যালয়ের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠানমালা সফল করতে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালা সফলভাবে আয়োজনের লক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশাল উপজেলা কার্যালয়ের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে সভাটি সম্পন্ন হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।

সভায় জানানো হয়, আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালা আয়োজনের প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলছে। ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সব দপ্তর সম্মিলিতভাবে এ লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতির সিংহভাগ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সমাপ্ত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী  বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ও চেতনার ধারক। এবারের জন্মজয়ন্তীকে ভিন্নমাত্রা দিতে এবং নান্দনিকভাবে উপস্থাপনের জন্য জাতীয় পর্যায়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এই জাতীয় উৎসবকে সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুলের জন্মজয়ন্তী উদযাপন হতে যাচ্ছে। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হবে। সবকিছু ঠিক থাকলে এবারের উৎসব হবে ত্রিশালের ইতিহাসের সবচেয়ে জমকালো ও উৎসবমুখর আয়োজন।

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন, এতো বৃহৎ পরিসরে নজরুল জয়ন্তী আয়োজনের খবরে পুরো বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। এই মঞ্চের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যকেও বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, প্রতিদিন ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নজরুল মেলা, স্মারক আলোচনা এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই আয়োজনের মূল আকর্ষণ।

প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহের পুলিশ সুপার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।