শিরোনাম

রাজশাহী, ৯ মে, ২০২৬ (বাসস) : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হচ্ছে।
আজ বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার জন্য খুব দ্রুত বিভিন্ন স্টেডিয়াম যেগুলো জরাজীর্ণ অবস্থায় আছে সেগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে। রাজশাহীর বিভাগীয় যে স্টেডিয়াম, আমাদের প্রিয় সন্তান মুক্তিযুদ্ধে যিনি রাজশাহীর মাটিতে শাহাদাত বরণ করেছিলেন— সেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। সেই স্টেডিয়ামকে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নামকরণ করে সেখানে নতুন করে ফ্লাডলাইট, টি-২০ ম্যাচের আয়োজন করা হবে। রাজশাহীতে আন্তর্জাতিকমানের ফুটবল এবং অন্যান্য খেলাকে নিয়ে রাজশাহীর সমৃদ্ধি আরো বৃদ্ধি করা হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে সব দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন।
তিনি আরো বলেন, আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিশোর কুড়ি দিয়ে এর যাত্রা শুরু করেছিলেন। তৎকালীন সময়ে ছোট নবীন শিল্পীদের সৃষ্টি হয়েছিল। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এটিকে আরো বেগবান করেছিলেন। আমরা আশা করছি এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ছোটমনিরা জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরবে।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী-৩ আসনের এমপি এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ, আরএমপির অতিরিক্ত কমিশনার আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে প্রধান অতিথি অন্য অতিথিদের নিয়ে খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্ষুদে খেলোয়াড়রা মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।