বাসস
  ০৯ মে ২০২৬, ১৯:৫৫

ন্যানোপ্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারে গুরুত্বারোপ করেছেন ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর

ছবি : বাসস

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : আধুনিক বিশ্বে পরিবেশ সংরক্ষণ, চিকিৎসা ব্যবস্থা ও ইলেকট্রনিক্স খাতে ন্যানোপ্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

তিনি বলেন, শুধু নিজস্ব অর্থায়নের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশি গবেষণা তহবিলের মাধ্যমে গবেষণার পরিধি ও মান আরও সমৃদ্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করতে জ্ঞান বিতরণের পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টির ওপর গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টারের উদ্যোগে আজ শনিবার সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্) সেমিনার রুমে অনুষ্ঠিত ‘অ্যাডভান্সেস ইন ফাংশনাল ন্যানোম্যাটেরিয়ালস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব। 

রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুমের সভাপতিত্বে টেকনিক্যাল সেশনে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ মিরান ধন্যবাদ জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, দেশে শিল্প ও সেবাখাতে আধুনিক প্রযুক্তি হিসেবে ন্যানোপ্রযুক্তির প্রয়োগ, অভিযোজন, সম্প্রসারণ ও উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং জনকল্যাণে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টার। ন্যানোপ্রযুক্তিভিত্তিক গবেষণায় বাংলাদেশকে এগিয়ে নিতে এ সেন্টার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।