শিরোনাম

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) উদ্যোগে ঢাকা বিশ^বিদ্যালয়ে ‘কোরিয়ান কালচারাল ডে’ উদযাপিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগিতায়, ইনস্টিটিউট প্রাঙ্গণে আজ দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উদ্বোধনী পর্বে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, কোইকার বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর ঝিহুন কিম এবং কোইকা বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল্লাহ পান্না বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোইকার বাংলাদেশ অফিসের প্রোগ্রাম অফিসার নূর চৌধুরী।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সহযোগিতার জন্য কোইকাকে ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপনে তিনি কোইকার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কোরিয়ান গানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।