বাসস
  ০৭ মে ২০২৬, ২০:২৫

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: বাসস

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস): চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস)-এর প্রেসিডেন্ট অধ্যাপক চেন দোংজিয়াও-এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, ইউনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডুয়ান জিংউউ, একাডেমি অফ কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ফ্যান দাকি, টংজি ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক এলভি পেইমিং, ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক উ জিয়ান এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন কর্মকর্তা।

পরে চীনা প্রতিনিধিদলটি উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ-এর একাডেমিক বোর্ডের পূর্ণাঙ্গ সভায় যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

 বোর্ড সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সামসাদ মর্তূজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণদের জন্য শিক্ষার আরও সুযোগ সৃষ্টির লক্ষ্যে চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, প্রশিক্ষণ কর্মসূচি এবং আরও সহযোগিতামূলক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।