বাসস
  ০৬ মে ২০২৬, ২০:৩৫

জবিতে ‘ল্যাবরেটরি সেফটি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি: বাসস

ঢাকা, ৬ মে, ২০২৬ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে ইউজিসি’র হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) সাব-প্রজেক্টের আওতায় ‘ল্যাবরেটরি সেফটি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুনাম ও অর্জনে যে বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে, সেই বিভাগের প্রাপ্তি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে। বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য সীমিত হলেও বিদ্যমান সক্ষমতার সর্বোত্তম ব্যবহার করে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সীমাবদ্ধতা, অপূর্ণতা ও হতাশা থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার প্রেরণা বিদ্যমান। এ প্রেক্ষাপটে তিনি বিশেষভাবে রসায়ন বিভাগের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, নানা অপ্রাপ্তির মাঝেও শিক্ষা ও গবেষণায় দেশের মধ্যে শীর্ষস্থান অর্জনের মাধ্যমে এ বিভাগ বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। এ ধরনের সাফল্য গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

রসায়ন বিভাগের হিট সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক। 

সেমিনারে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার মো. মোস্তাক উদ্দিন ঠাকুর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন।