বাসস
  ০৬ মে ২০২৬, ১৪:৪৮

ফেনী ইউনিভার্সিটিতে মাদক বিরোধী সেমিনার

ফেনী ইউনিভার্সিটিতে আজ দুপুরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ৬ মে, ২০২৬ (বাসস) : ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী ইউনিভার্সিটিতে আজ দুপুরে মাদক বিরোধী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ফেনী ইউনিভার্সিটি’র সিএসই ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান মুহাম্মদ আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।

ফেনী ইউনিভার্সিটি’র ছাত্র তৌহিদুর জামান সাইমন এর সঞ্চালনায় মুলবক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। 

স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর নুর মোহাম্মদ।

প্রসিকিউটর নুর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীরা খারাপ বন্ধুদের সাথে মিশে অনেকে খারাপ নেশায় জড়িয়ে পড়ে। সারা দেশে ৯০ লাখ মানুষ মাদকাসক্ত। প্রতিদিন এদের সংখ্যা বাড়ছে। এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও ব্যবস্থা নেয়া অনেকটা কঠিন হয়ে পড়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি।

এ্ই ব্যাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে যার যার অবস্থান থেকে সচেতনতার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিদিন অভিযান চালাচ্ছে। প্রায় প্রতিদিনই মাদক দ্রব্য উদ্ধার ও জড়িতরা আটক হচ্ছে। দিন দিন নতুন করে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, এজন্য আমাদের প্রতিটি ঘর থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রাথমিকভাবে সিগারেট, পানের সাথে সাদা পাতা, জর্দ্দা, গুল আস্তে আস্তে গাঁজাসহ অন্য মাদকে আসক্ত হচ্ছে। আমাদের পরিবারের কেউ এ ধরনের অভ্যাসে অভ্যস্ত হলে তাদেরকে বুঝিয়ে এ পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আর এজন্য শিক্ষার্থীদের ভুমিকা অপরিসীম। 

তিনি বলেন, আমরা মনে করি শুধুমাত্র অভিযান, মামলা, আটক করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সেমিনার শেষে ৫ জন কুইজ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।