বাসস
  ০৪ মে ২০২৬, ১৮:১১

মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি : বাসস

টাঙ্গাইল, ৪ মে ২০২৬ (বাসস): জেলার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এ ”ফ্রনটিয়ারস ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি: রিসার্চ, ইনোভেশন, ইমপ্যাক্ট”  শীর্ষক এক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ আজ দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।  বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে মূল প্রবন্ধের উপর  আলোচনা করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুল বারী সজীব, বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মোসলেহ উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ। 

সেমিনারে বক্তারা বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেমিনারে বিভাগের  শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন।  

আয়োজকরা জানান, এ  বিভাগ প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির  অংশ হিসেবে  এ সেমিনারের আয়োজন করা হয়।