শিরোনাম

খুলনা, ৪ মে, ২০২৬ (বাসস): জেলায় ‘সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ-বিষয়ক’ জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোশ্যাল কোহেশন নেটওয়ার্ক (এসসিএন) এর সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।
এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা প্রমুখ।
সভায় অতিথিরা বলেন, গুজব, অপতথ্য ও ভুল তথ্য রোধে সকলকে সতর্ক থাকতে হবে। ভুয়া তথ্য দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে সঠিক তথ্য প্রচারে জনপ্রিয় ফ্যাক্ট চেকিং প্লাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শ্রম বৈষম্য, নারী নির্যাতন, যৌতুক প্রথা, বহুবিবাহ ও ভূমি অপরাধসহ বিভিন্ন সমস্যার সমাধান ও প্রতিরোধে সকলকে কাজ করতে হবে।
তারা আরও বলেন, সকল পর্যায়ে শান্তি সম্প্রীতি বজায় রাখা ও প্রতিহিংসা বন্ধ করা দরকার। অনলাইনে উস্কানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শাহদত হোসেন বাচ্চু।
এ সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, যুব ও নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।