বাসস
  ০৪ মে ২০২৬, ১৬:৩১

রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় 

ছবি: বাসস

ঝালকাঠি, ৪ মে, ২০২৬ (বাসস): গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি বলেছেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ।

আজ সোমবার দুপুরে রাজাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান। সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আক্কাস সিকদার ও রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজী। এ সময় রাজাপুর প্রেসক্লাবের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল আরও বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্বের নাম। প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করতে হবে, যাতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট থাকে।

বিশেষ অতিথির বক্তব্যে আক্কাস সিকদার বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

এর আগে সকালে রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এমপি রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী। আয়োজন করে উপজেলা প্রশাসন।

সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার বিকল্প নেই। বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। মনোযোগী অধ্যয়নের মাধ্যমেই ভবিষ্যতের শক্ত ভিত্তি নির্মাণ সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, দেশে শিক্ষিতদের জন্য যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যারা বলে পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না, তাদের ধারণা বাস্তবসম্মত নয়।