শিরোনাম

নওগাঁ, ৪ মে, ২০২৬ (বাসস) : কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝাড়ি শিল্প-সিএমএসএমই খাতে অর্থায়ন নীতিমালার ওপর ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্থানীয় তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় শহরের একটি রেস্টুরেন্টে সিটি ব্যাংক এই কর্মশালার আয়োজন করে।
এ সময় কর্মশালায় সোনালী ব্যাংকের বগুড়ার জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, সিটি ব্যংকের বগুড়া রিজিওনের রিজিওনাল প্রধান মোহাম্মদ নূর ই আলম, জোন-৫ এর জোনাল প্রধান ইলিয়াস হোসেন, নওগাঁ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদি হাসান, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ওমর ফারুক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রুহুল আমিন, রুপালি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবব্রত সাহা, অগ্রণী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক হাসান তারেকসহ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিএমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, যা কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে কাজ করে এবং উৎপাদন খাত সম্প্রসারণ করে। দেশে বেকারত্ব দূরীকরণ, মানুষের জীবন মানের উন্নয়ন ও গ্রামীন অর্থনীতি মজবুত করতে সিএমএসএমই কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন তারা। এই খাতকে আরও গতিশীল করতে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানানো হয়।
কর্মশালায় স্থানীয় বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে কর্মরত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।