শিরোনাম

যশোর, ৪ মে, ২০২৬ (বাসস): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে এবং উদ্ভাবকদের আইনি সুরক্ষা নিশ্চিতে শিক্ষকদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, ‘আমরা যারা গবেষণা করি এবং নিজেদের গবেষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, তাদের জন্য এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘গবেষণা, পেটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট সুরক্ষায় সচেতন হওয়া প্রতিটি গবেষকের মৌলিক কাজ। এই সেমিনার থেকে পেটেন্ট এবং গবেষণাপত্র সংরক্ষণ করাসহ বিভিন্ন বিষয়ে আমরা জানতে ও শিখতে পারব। এতে আমরা যেমন নিজেদের উন্নয়ন করতে পারব তেমনিভাবে এই দেশ ও জাতিকে জ্ঞান ও গবেষণায় এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারব।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন সরকার। তিনি তার মূল প্রবন্ধে পেটেন্ট আবেদন প্রক্রিয়া এবং বাংলাদেশে বিদ্যমান মেধাসম্পদ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভি।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।