বাসস
  ০৪ মে ২০২৬, ১৫:৫০

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চান পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ এর আজকের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন। ছবি : পিআইডি

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস) :  জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

আজ সকাল ৯ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ এর আজকের প্রথম অধিবেশন বসে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার দ্রুততম সময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর। আর এ যাত্রায় আমাদের জেলাপ্রশাসকগণ মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আমি আশা রাখি। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ৩ শতাংশ। আমরা একে ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই।

মন্ত্রী জানান, সারা বাংলাদেশে ১ হাজার ৭৪২ টি পর্যটন স্পট আছে। তার মানে দেশের প্রত্যেকটি জেলায় পর্যটন স্পট রয়েছে। আমরা দেশের পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছি।  আপনাদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে আমরা পর্যটন খাতকে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। এসময় মন্ত্রী মানিকগঞ্জে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি এবং তেওতা জমিদার বাড়িকে পর্যটক আকর্ষণে উন্নয়ন করার জন্য সংস্কৃতি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমি বিশ্বাস করি, আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় পরিবর্তনের অগ্রদূত হতে পারেন। একটি নতুন পর্যটন স্পট, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ, একটি সৃজনশীল উদ্যোগ; এসবই পারে একটি জেলার অর্থনীতি বদলে দিতে। মনে রাখবেন, বাংলাদেশকে বিশ্বের পর্যটন মানচিত্রে উজ্জ্বলভাবে তুলে ধরার যাত্রা শুরু হবে আপনাদের হাত ধরেই।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।