বাসস
  ০৪ মে ২০২৬, ১২:৪৬

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

গাজীপুরের জয়দেবপুর থানায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

গাজীপুর, ৪ মে, ২০২৬ (বাসস) : জেলার জয়দেবপুর থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের কোর্ট হাজতে পাঠানো হয়। গত শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মনিপুর বেলতলা ও দরগারচালা গ্রামের তিতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ নগদ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে গতকাল রোববার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে দরগারচালা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীর ঘরে তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২ হাজার ৬৯০টাকা জব্দ করা হয়। একই রাতে বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে রাত ১১টার দিকে মনিপুর মধ্যপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে নুরুল ইসলাম, মাহিম হোসেন, ইমন হোসেন ও মরিয়ম বেগমকে আটক করে পুলিশ। এ সময় নুরুল ইসলামের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৮০ টাকা, মাহিম হোসেনের কাছ থেকে ২৫ পিস এবং ইমন হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া মরিয়ম বেগমের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কর বাসস’কে জানান, পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৫৬ পিস ইয়াবা, ১কেজি গাঁজা এবং নগদ ২১ হাজার শ’ ৭০টাকা জব্দ করা হয়েছে।