শিরোনাম

ঢাকা, ৩ মে, ২০২৬ (বাসস): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. দৌলতুন্নাহার খানম এবং সাধারণ সম্পাদক হয়েছেন নেছার আহমেদ।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২ মে) বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলনী ও ১৪তম দ্বিবার্ষিক সাধারণ সভায় ৪১ সদস্যের এ কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত সভাপতি ড. দৌলতুন্নাহার খানম সোনালী ব্যাংকের সাবেক পরিচালক ও ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বতন্ত্র পরিচালক। সাধারণ সম্পাদক নেছার আহমেদ ব্যাংক এশিয়া পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
নির্বাচনের আগে ‘প্রাক-বাজেট ২০২৬-২০২৭’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে একাধিক সহসভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যরা নির্বাচিত হয়েছেন।