শিরোনাম

ঢাকা, ৩ মে, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সীমান্তের বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
আজ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৭ হাজার ২৬৪ কেজি জিরা, ৭ হাজার ২০০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ২ হাজার ২৬০ পিস সানগ্লাস, ২৮ হাজার ৯৪৪ প্যাকেট বিস্কুট, ৩ হাজার ৪৫০ পিস ক্লপ জি ক্রিম, ১ হাজার ৭০১ পিস জেল, ৪৯৫ কেজি শিং মাছ, একটি মহিষ, ৬ হাজার ৭৭২ পিস চকলেট, ২৮৫ কেজি সুপারি, ৩৪৫ কেজি ফুচকা, ১৫৩ পিস ট্রাউজার, ৫৮৫ পিস টুথপেস্ট, ১০০ কেজি চিনি, ২০ ঘনফুট পাথর, একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ট্রলি এবং ৪১ বোতল মদ।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।