শিরোনাম

যশোর, ৩ মে ২০২৬ (বাসস) : জেলার চৌগাছা উপজেলায় আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৫০ কেজি ভেজাল দস্তা সার জব্দ ও ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট আটহাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার সলুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম ওবায়দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন জানান, গত জানুয়ারি মাসে সলুয়া বাজারের মেসার্স জিয়া ট্রেডার্স এবং রায় ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া দু’টি কোম্পানির দস্তা সারের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য যশোরের সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে (এসআরডিআই) পাঠানো হয়। ল্যাব পরীক্ষার রিপোর্টে প্রমাণিত হয়, জিয়া ট্রেডার্সের ৪০ কেজি এবং রায় ট্রেডার্সের ১০ কেজি দস্তা সার সম্পূর্ণ নকল ও ভেজাল।
তিনি জানান, ল্যাব রিপোর্টের ভিত্তিতে আজ রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৫০ কেজি ভেজাল দস্তা সার জনসমক্ষে বিনষ্ট করা হয়। এছাড়া, সারের মান নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া ও ভেজাল সার মজুত রাখার দায়ে জিয়া ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা এবং রায় ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।