শিরোনাম

ঝালকাঠি, ৩ মে, ২০২৬ (বাসস) : স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও চিকিৎসা কেন্দ্র রূপান্তর বিষয় জেলার কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও কার্যকর চিকিৎসা কেন্দ্রে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবা উন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার প্রমুখ।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে হাসপাতালের ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভায় হাসপাতালের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।