শিরোনাম

জয়পুরহাট, ৩ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ বেকার তরুণ- তরুণীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে ২৬ দিন ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ রোববার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মকছুদুল কবীর, বিআরটিএ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মোমিন প্রমুখ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মোট ৪০ জন বাছাইকৃত তরুণ-তরুণী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ২৬ দিনের এ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।