বাসস
  ০৩ মে ২০২৬, ১৮:৪১
আপডেট : ০৩ মে ২০২৬, ২০:২৫

তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন টেকসই রূপ লাভ করবে : ফারজানা শারমীন

ছবি : বাসস

নাটোর, ৩ মে, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের সকল উন্নয়ন আগামীতে টেকসই রূপ লাভ করবে।

আজ নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে দেশের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি এবং বর্তমানে দেশ একটি ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব কেবল তারেক রহমানের নেতৃত্বে। মহান আল্লাহর ইচ্ছাতেই তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন।

সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ফারজানা শারমীন বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যে বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। কৃষি খাতের উন্নয়নে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী চালু করা হয়েছে, যা সামাজিক ও ধর্মীয় কাঠামোকে শক্তিশালী করবে। সরকারের এসব উদ্যোগ টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করেছে, যার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হচ্ছে। বর্তমান সরকার মাদক, সাইবার অপরাধ এবং চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।

মৎস্য খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত মৎস্যজীবীদের চিহ্নিত করে তাদের সরকারি সহায়তার আওতায় আনা হবে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশকে আবারও ‘মাছে-ভাতে সমৃদ্ধ’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

লালপুর চরকে অপার সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে সোলার বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী।

সেমিনারে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যজীবী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।