বাসস
  ০৩ মে ২০২৬, ১৬:৪৮

চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে আইসক্রিম ফ্যাক্টরীকে জরিমানা

 চুয়াডাঙ্গা, ৩ মে ২০২৬ (বাসস): জেলার আলমডাঙ্গা উপজেলায় আজ ক্ষতিকর রং ব্যবহার ও লাইসেন্স ছাড়া আইসক্রিম তৈরীর দায়ে ‘লোটাস সুপার আইসক্রিম’ ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার দুপুরে আলমডাঙ্গা শহরের হাউসপুর এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযানকালে ক্ষতিকর রং ব্যবহার ও লাইসেন্স ছাড়াই আইসক্রিম তৈরি এবং বিপণনের দায়ে মো. সাজেদুর রহমানের প্রতিষ্ঠান ‘লোটাস সুপার আইসক্রিম’ ফ্যাক্টরীকে ৫০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত কারখানার সমস্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়। পরে ফ্যাক্টরী থেকে জব্দকৃত ভেজাল আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। 

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল ও ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।