বাসস
  ০৩ মে ২০২৬, ১৪:৪৬

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ছবি : বাসস

রংপুর, ৩ মে ২০২৬ (বাসস): জমিজমা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় ৩ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে  জেলা র‌্যাব-১৩। রংপুর র‌্যাব ১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) বিপ্লব কুমার গোস্বামী আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. ইব্রাহিম খলিল (৪৩), মোছা. সুলতানা বেগম (৩৩) এবং মো. মজিবর রহমান। 

র‌্যাব জানায়, নিহত আহম্মেদ আলী এবং আসামিরা সবাই পীরগাছা উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আহম্মেদ আলী (৭৫) নিজ জমি দেখার জন্য বাড়ি থেকে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ভুক্তভোগীর মাথা ও চোখে সজোরে আঘাত করে গুরুতর জখম করে। পরে ভুক্তভোগীর চিৎকারে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর জেলার পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি রাতে আহম্মেদ আলী মৃতবরণ করেন। এ ঘটনায় গত ১ মার্চ নিহতের পুত্র বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

সূত্র জানায়, র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২ মে) দিবাগত রাতে নগরীর ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা এলাহি বকসের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় এজাহারনামীয় ২ নং আসামি মো. ইব্রাহিম খলিল (৪৩) ও ৮ নং আসামি মোছা. সুলতানা বেগমকে (৩৩) গ্রেফতার করে। একই অভিযানে রংপুরের গংগাচড়া থানার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব মহিপুর গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. মজিবর রহমানকে গ্রেফতার করে। 

র‌্যাব ১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।