বাসস
  ০২ মে ২০২৬, ২২:৩২

নতুন কুঁড়ি স্পোর্টস মাদক ও সকল অনৈতিকতা থেকে শিশু-কিশোরদের দূরে রাখবে : শামা ওবায়েদ

ছবি : বাসস

ফরিদপুর, ২ মে, ২০২৬ (বাসস) : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নতুন কুঁড়ি স্পোর্টস মাদক ও সকল অনৈতিকতা থেকে শিশু কিশোরদের দূরে রাখবে। এ আয়োজনের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি অনুষ্ঠান চালুর মাধ্যমে সাংস্কৃতিক জগতে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে।

দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের অন্তর্ভুক্ত ১০টি ইভেন্টে- যে যেটাতে আগ্রহী, সেই খেলায় অংশ নিয়ে পড়ালেখার পাশাপাশি নিজের প্রতিভাকে তুলে ধরবে।

ফরিদপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান।

এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইসা প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, এসময় উপস্থিত দর্শনার্থীরা তা উপভোগ করেন।