বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ২২:৪০

মজুদ বাড়াতে কয়েকটি বড় জ্বালানি অনুসন্ধান প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের গ্যাস ও তেলের দেশীয় মজুত বৃদ্ধি লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি অনুসন্ধান প্রকল্প অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ১৯তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। 

বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) বাস্তবায়িত একটি প্রকল্পের আওতায় তিনটি কূপ খনন কর্মসূচির মধ্যে দুটি—শ্রীকাইল ডিপ-১ এবং মোবারকপুর ডিপ-১—খননের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ কর্মসূচিতে ফেঞ্চুগঞ্জ সাউথ-১ কূপটিও অন্তর্ভুক্ত রয়েছে।

দুটি কূপ খননের টার্নকি চুক্তি চীনের সিএনপিসি চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে ৭১৩ কোটি ৬৪ লাখ টাকায় প্রদান করা হয়েছে।

এছাড়া পৃথক একটি টার্নকি প্রকল্পের আওতায় সিলেট-১২ তেল কূপ খননের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। 

এ কাজের চুক্তি চীনের সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশনকে দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ২৩২ কোটি ৭ লাখ টাকা। এতে খননসহ সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব উদ্যোগ দেশের অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়াতে এবং আমদানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অনাবিষ্কৃত গভীর স্তরে অনুসন্ধান ত্বরান্বিত করার মাধ্যমে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। এ অনুমোদনের মাধ্যমে উন্নত অনুসন্ধান কার্যক্রম জোরদার করে দেশের জ্বালানি খাত সম্প্রসারণে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।