শিরোনাম

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ইউনিটের নির্বাচনে সংস্থার প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম ইউনিট চীফ এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চীফ নির্বাচিত হয়েছেন। তারা ইউনিট সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।
আজ বৃহষ্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র তত্ত্বাবধানে বাসস কার্যালয়ের বোর্ড রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সর্বমোট ২৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে দিদারুল আলম ১৮ ভোট পেয়ে ইউনিট চীফ এবং জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে ডেপুটি ইউনিট চীফ নির্বাচিত হয়েছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধায়নে নির্বাচন পরিচালনা করেন ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খান।
নির্বাচন পূর্ব অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, বাসস-এর সাবেক বার্তা সম্পাদক মমতাজ বিলকিস বানু, বাসস-এর সাবেক ইউনিট চীফ আবুল কালাম মানিক, কাজিম রেজা ও আনোয়ার উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজে’র সাবেক কোষাধ্যক্ষ জহিরুল হক রানা, ডিইউজে’র বর্তমান কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মোমিন হোসেন, ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য গাজী আনোয়ারুল হক।
নির্বাচনে উপস্থিত ছিলেন বাসস-এর বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক গোলাম আহাদ, বাসস-এর প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মানিকুল আজাদ, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মো. আকতারুজ্জমান, সাবেক প্রধান বার্তা সম্পাদক রহিম উদ্দিন ও হারুন আল নাসিফ, উপ-প্রধান বার্তা সম্পাদক মুহম্মদ আবদুল বাতেন ও জুনান নাশিত, স্পোর্টস ইনচার্জ রাশিদা আফজালুন নেসা, বিশেষ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন, বাসস’র মফস্বল ডেস্ক ইনচার্জ শারমিন জাহান অজন্তা প্রমুখ।