বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ২০:১৭

অনার্স ১ম বর্ষের মূল্যায়িত উত্তরপত্র বিক্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি 

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী বিক্রয় করার অনুমতি দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষকগণ তাদের নিকট সংরক্ষিত এসব উত্তরপত্র নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিক্রয় করতে পারবেন।

আজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান পরীক্ষকগণ মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠার ওএমআর অংশটি বিচ্ছিন্ন করে কেবল অবশিষ্ট অংশ বিক্রয় করতে পারবেন। 

কোনো অবস্থাতেই ওএমআর অংশ বিক্রয় করা যাবে না। সম্ভাব্য জটিলতা এড়াতে প্রধান পরীক্ষকের সরাসরি তদারকিতে এই ওএমআর অংশটি বিনষ্ট করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, উত্তরপত্র বিক্রয় থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ প্রধান পরীক্ষকগণ গ্রহণ করবেন। তবে প্রাপ্ত এই অর্থ সংশ্লিষ্ট পরীক্ষকের প্রাপ্য বিল থেকে সমন্বয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।