শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, কর্মসংস্থানের উপযোগিতা এবং চতুর্থ শিল্প বিপ্লব (৪ আইআর) ও ভবিষ্যৎ শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা ব্যবস্থার সক্ষমতা মূল্যায়নে বিশেষ গবেষণা কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ।
আজ বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘ফিজিবিলিটি স্টাডি টু অ্যাসেস দ্য ফিউচার রেডিনেস এন্ড রেসপন্সিভনেস অব বাংলাদেশ’স হায়ার এডুকেশন সিস্টেম’ শীর্ষক এই গবেষণাটি পরিচালনা করছে কনসিলিয়েরি প্রাইভেট লিমিটেড (সিপিএল)।
গবেষণার মূল উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের দক্ষতা, উদ্যোক্তা সক্ষমতা এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্যতা বিশ্লেষণ করা। এর মাধ্যমে প্রাপ্ত তথ্য ভবিষ্যৎ নীতিনির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়নে কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে।
গবেষণার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে নির্বাচিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্তদের নিকট থেকে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, পাঠ্যক্রম ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই গবেষণায় সংগৃহীত সকল তথ্য কঠোরভাবে গোপনীয় রাখা হবে এবং তা কেবল নীতিগত সুপারিশ তৈরির জন্য সামষ্টিক আকারে ব্যবহৃত হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহাব উদ্দিন আহাম্মদ সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সিপিএল-এর গবেষণা দলকে প্রয়োজনীয় তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
উচ্চশিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।