শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিনের ও সুদৃঢ়। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল বলেও তিনি স্মরণ করেন।
রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশে ‘চাইনিজ ইপিজেড’ স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা ছাড়াও হাই-টেক ইন্ডাস্ট্রি, সোলার পাওয়ার, আইসিটি, ই-ভেহিকলস, ম্যানুফ্যাকচারিং এবং কৃষি খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বিশেষ করে টেক্সটাইল ও ইলেকট্রনিক ডিভাইস খাতে চীন বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ বাড়াতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের মানোন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং কারিগরি ও বৃত্তিমূলক (ভোকেশনাল) শিক্ষার প্রসারে কাজ করতে আগ্রহী। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা আরো বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানান রাষ্ট্রদূত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বৈঠকে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক-বাস (ই-বাস) চালু এবং সোলার পাওয়ার ও আইসিটি খাতের উন্নয়ন প্রকল্পগুলোতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে দু’পক্ষ একমত পোষণ করে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন তিনি।