বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৮

জবি’র ইতিহাস বিভাগে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইতিহাস বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ‘মূল্যায়ন ও পরিমাপ কৌশল’ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিভাগের চেয়ারম্যানের কক্ষে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ এখনও ওবিই কারিকুলাম পূর্ণাঙ্গভাবে প্রণয়ন করতে পারেনি, সেখানে ইতিহাস বিভাগ এটি বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। 

অধ্যাপক ড. রইছ উদ্দীন আরও বলেন, আন্তর্জাতিক মানদ-ে অ্যাক্রেডিটেশন অর্জনের ক্ষেত্রে ওবিই কারিকুলামের কোনো বিকল্প নেই। 

তিনি বলেন, আগামী মাসের ৩ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের ক্লাস শুরু হবে। এ প্রেক্ষাপটে সকল বিভাগকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা নিজ নিজ বিভাগে ওবিই কারিকুলাম কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে ওবিই বাস্তবায়নে আরও সমৃদ্ধ হবে। নিজেদের মধ্যে সমন্বিত শক্তিকে সৃজনশীল রূপ দিতে হবে এবং বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

ওয়ার্কশপের মূল পর্বের প্রথম সেশনে ‘মূল্যায়ন ও পরিমাপ কৌশল’ নির্ধারণ বিষয়ে তাত্ত্বিক আলোচনা উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। 

দ্বিতীয় সেশনে ব্যবহারিক আলোচনা পরিচালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

এছাড়াও উদ্বোধনী পর্বে বিভাগের কারিকুলাম কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও কমিটির সদস্য অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী বিভাগে ওবিই কারিকুলাম প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।

ইতিহাস বিভাগের সকল শিক্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারীরা ওবিই কারিকুলাম ডিজাইন ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন।