শিরোনাম

রংপুর, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে (‘Effective Communication and Administrative Services’) আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও উৎকর্ষ বজায় রাখার জন্য কার্যকর যোগাযোগ অপরিহার্য। কর্মকর্তাদের দক্ষতা যত বাড়বে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সেবা তত বেশি সহজ ও জনবান্ধব হবে।
উপাচার্য বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে নিজেদের গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি কর্মকর্তাদের অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান।
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপপরিচালক মো. বদরুল আহসান।
উপপরিচালক মো. বদরুল আহসান কার্যকর যোগাযোগ কৌশল এবং আধুনিক প্রশাসনিক সেবার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব, ড. মো. সজিব মিয়া ও ড. ইলিয়াস প্রামানিক।
এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা নিশ্চিতকরণে নতুন গতির সঞ্চার হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।