বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৭:০১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ বুধবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।  

সাক্ষাৎকালে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকারসমূহ সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন ইউনিভার্সিটি (ডিএসসিইউ)-এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

এ ছাড়া, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে একমত পোষণ করেন।

অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ইউনাইটেড স্টেটস মিলিটারি গ্রুপের প্রধান লেফটেন্যান্ট কর্নেল রবার্ট গ্রিন এবং ডিএসসিইউ-এর রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মাইকেল রেমবোল্ড ছাড়া ডিএসসিইউ-এর আরো দু’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।