শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, উপকূলবাসীকে রক্ষায় সবুজ বেষ্টনী সৃজন, টেকসই বেড়ীবাঁধ ও পর্যাপ্ত সাইক্লোন সেন্টার নির্মাণসহ সমন্বিত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ভয়াল ২৯ এপ্রিল স্মরণে ‘উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে উপকূল অঞ্চলের মানুষকে বেঁচে থাকতে হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, বন্যা ও প্লাবনের হাত থেকে উপকূলকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে পৃথিবীর ছয়টি মারাত্মক দুর্যোগপ্রবণ এলাকার অন্যতম। ১৯৯১ সালের দেশের ইতিহাসের ভয়াবহতম ঘূর্ণিঝড়টি কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, আনোয়ারা, চকরিয়া, সন্ধীপ, সীতাকু- ও হাতিয়ায় আঘাত হানে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মাথায় এই ভয়াল প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হেনেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করছে বর্তমান সরকার। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল, পুকুর এবং জলাধার খনন ও পুনঃখনন করা হবে। এছাড়াও ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে; যা উপকূলীয় অঞ্চলে সবুজ বেস্টনি তৈরি করবে।
উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ পাঠ করেন।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী; কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ; চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।