শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে তিনজন পিএইচডি গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে পিএইচডি সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার সেমিনারসমূহ এখন থেকে আরও বিস্তৃত ও সুসংগঠিত পরিসরে আয়োজন করা হবে। এসব সেমিনারে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ হয়।
তিনি আরও বলেন, আজ উপস্থাপিত গবেষণাপত্রগুলোর মধ্যে নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক গবেষণা বিশেষভাবে সময়োপযোগী ও জনকল্যাণমুখী। এ ধরনের গবেষণার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী বাস্তব উপকার লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও পারিবারিক দ্বন্দ্ব নিরসনে ইসলামের নির্দেশনা অত্যন্ত কার্যকর ও তাৎপর্যপূর্ণ।
সেমিনারে প্রথম গবেষক মোহাম্মদ কামরুল ইসলাম ‘বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স ও ক্যাশ ওয়াকফের সমন্বিত মডেল: নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি প্রস্তাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তার প্রবন্ধের ওপর আলোচনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামসুল।
দ্বিতীয় গবেষক মোহাম্মদ ইসমাইল ‘পারিবারিক দ্বন্দ্ব নিরসনে বাংলাদেশে আইনি কাঠামোয় বিকল্প বিরোধ নিষ্পত্তি: ইসলামি নির্দেশনার আলোকে একটি বিশ্লেষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এ প্রবন্ধের ওপর আলোচনা করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ব্যারিস্টার আহমদ ইহসানুল কবীর।
তৃতীয় গবেষক মোহাম্মদ আবু নোমান ‘সূরা আন নূরে বর্ণিত সামাজিক বিধানাবলী: তাফসীরে মা’আরেফুল কুরআনের আলোকে একটি পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তার প্রবন্ধের ওপর আলোচনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
সেমিনারে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। সঞ্চালনা করেন বিভাগের গবেষণা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।