শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলেও ইতিবাচক প্রভাব ফেলছে। স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে।
আজ বিকেলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জাপান সরকারের অর্থায়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহায়তায় স্থাপিত ‘হেলথ কেয়ার ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন তাকাহাশী নাওকি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এবং সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই ১৮০ দিনের কর্মপন্থা ঘোষণা করেছে। যা জনকল্যাণ ও টেকসই উন্নয়নের শক্তিশালী ভিত্তি তৈরি করেছে, এর ধারাবাহিকতায় একটি নিরাপদ, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার কাজ এগিয়ে চলছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি সরকারি হাসপাতালে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী উদ্যোগ।
মন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ মহামারি দেখিয়েছে যে, চিকিৎসাসেবার পাশাপাশি সংক্রামক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতিকে সামনে রেখে পাহাড়ি অঞ্চলের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি সরকারের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রতিফলন।
জাপান সরকার, কানাডীয় হাইকমিশন এবং ইউএনডিপির সহযোগিতার প্রশংসা করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অংশীদারিত্ব বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করছে।