শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাব স্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
দেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এক বা একাধিক নতুন ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে।
বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারে বাধ্যতামূলক তৃতীয় ভাষা (বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান, মান্দারিন প্রভৃতি) শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এ নির্দেশনার বাস্তবায়ন কৌশল হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে তৃতীয় ভাষার ওপর প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চিঠিতে শিক্ষার্থীদের তৃতীয় ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়ার জন্য স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে প্রয়োজনীয় সুবিধাদিসহ একটি ল্যাংগুয়েজ লার্নিং ল্যাব স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়।