শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ।
আজ সোমবার মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপিস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। দেশের পর্যটন খাত বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সাথে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।