বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৮:৩৭
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২১:৫০

দশম ওয়েজ বোর্ড ঘোষণাসহ তথ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবি

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : নবম ওয়েজ বোর্ড যথাযথ বাস্তবায়ন এবং অবিলম্বে দশম ওয়েজ বোর্ড ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিক নেতৃবৃন্দ।

আজ সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধি দল এই দাবি জানান।

এ সময় সংগঠন দু’টির নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীর কাছে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া জানান।

প্রতিনিধিদল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান।

তথ্যমন্ত্রী মনোযোগ সহকারে তাদের দাবি-দাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব মো. মোশতাক আহমদ উপস্থিত ছিলেন।