বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৪৯
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:০২

উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান

ছবি : বাসস

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেছেন, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য।

তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের গুণগত মান নিশ্চিত করা সম্ভব, যা সরাসরি শ্রেণিকক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত নবীন শিক্ষকদের ৩য় ও ৪র্থ ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ইউজিসি এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রফেসর মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আয়োজিত এই দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ।

তিনি বলেন, ভবিষ্যতে একাডেমিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতি বাউবি উপাচার্য প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, তরুণ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অংশগ্রহণকারীদের আলোকিত ও ন্যায়নিষ্ঠ শিক্ষক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বিশ্বব্যাংকের কনসালটেন্ট মাহমুদুল হক।

এছাড়া হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং কোর্স পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

চার মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণে দেশের ৩৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাউবি উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।