বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ২১:১৬

জবিতে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল উদ্বোধন

ছবি: বাসস

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল অনলাইনে স্টুডেন্ট পোর্টালে প্রদর্শনের লক্ষ্যে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’(View Semester Result)  মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মডিউলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও তাদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল চালু করা শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক উদ্যোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে শিক্ষার্থীরা সহজেই তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে।

তিনি আরও বলেন, অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে সনদপত্র ও মার্কশিট উত্তোলন করতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক কার্যক্রমে যেন শিক্ষার্থীদের অহেতুক সময় নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন তালুকদার।

নুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী প্রোগ্রামার প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে স্টুডেন্ট পোর্টালে কীভাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রদর্শিত হবে, তার ব্যবহারিক উপস্থাপনা করেন। এ সময় উপস্থিত সংশ্লিষ্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, জকসু নেতৃবৃন্দ, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টাররা উপস্থিত ছিলেন।